পুলিশি বাধায় পেশাজীবীদের মানববন্ধন পণ্ড
ফরিদপুরে সমিঞ্চলিত পেশাজীবী পরিষদের মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে শহরের প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাজীবীরা প্রেসক্লাবের সামনে সমবেত হতে শুরু করলে পুলিশ বাধা দেয়। পুলিশ এ কর্মসূচির জন্য আনা মাইক ব্যবহার করতে বাধা দেয়। ব্যানার নিয়ে কর্মসূচি শুরু করেন পরিষদের কর্মকর্তারা। পরে মাইক ছাড়াই বক্তব্য দেন, পেশাজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন ও হামিদুল হক। পেশাজীবী পরিষদের জেলা শাখার উপদেষ্টা সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বক্তব্য শুরু করলে পুলিশ ব্যানারটি ছিনিয়ে নেয়।
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, সংগঠনটি ব্যস্ততম সড়কে এ জাতীয় কর্মসূচি পালনের জন্য জেলা প্রশাসনের অনুমতি নেয়নি। এ জন্য তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়।