পুলিশি বাধায় পৌর বিএনপির সভা পণ্ড
পাবনার ঈশ্বরদীতে বিএনপির বর্ধিত সভা পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে গেছে। গত শনিবার ঈশ্বরদী পৌর বিএনপির পক্ষ থেকে সভাটির আয়োজন করা হয়। দুপুরে বর্ধিত সভার জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে ফেলা হয়। তবে পুলিশের দাবি, প্রশাসনিক অনুমতি না থাকায় সভাটি তারা বন্ধ করেছে।
বর্ধিত সভা পণ্ড করার জন্য দায়ী করা হয়েছে ঈশ্বরদীর বিএনপির মেয়র প্রার্থী মকলেছুর রহমানকে। শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের নেতারা। মখলেছুর রহমান বর্তমানে পৌর মেয়র এবং জেলা বিএনপির পদবঞ্চিত অংশের নেতা। ‘প্রস্তুতি কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঈশ্বরদী পৌর শাখার ব্যানারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি ফিরোজ আহম্মেদ।
বিএনপির দুই-তিনজন নেতা বলেন, কমিটির সাংগঠনিক অবস্থা ও বিবিধ বিষয় নিয়ে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সভাটি করার জন্য কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য দলের নেতা-কর্মীদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানান তিনি। শনিবার বেলা তিনটা থেকে সভাটি হওয়ার কথা। এ জন্য শহরের পশ্চিমটেংরি বাবুপাড়ার মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান বাবু ঈদগাহ মাঠে সকাল থেকেই প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়। বাঁশ দিয়ে ঘেরা হয় প্যান্ডেলের চারপাশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেলসহ এক ভ্যান পুলিশ সভাস্থলে আসে এবং ডেকোরেটরের কর্মচারীদের প্যান্ডেলটি তৈরি করার কাজ বন্ধ রাখতে বলেন। একপর্যায়ে পুলিশ নির্মিত সেই প্যান্ডেলের অংশ থেকে বাঁশ-খুঁটি খুলে নেয়। প্যান্ডেলটি ভেঙে দিয়ে পুলিশ এক ঘণ্টার মধ্যে সেখান থেকে চেয়ারসহ সবকিছু ফেলে। এ সময় আশপাশে দলের কিছু কর্মী থাকলেও পুলিশের ভয়ে কেউ এগিয়ে আসেননি।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) রমজান আলী বলেন, প্রশাসনিক অনুমতি না থাকা এবং অন্যদিকে বিএনপির অন্য পক্ষের মধ্যে গোলযোগ হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় পুলিশ সেখানে অবস্থান নেয়।
পৌর কমিটির সহসভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বলেন, বর্ধিত সভার স্থলটি পুলিশ বেষ্টনী দিয়ে রেখেছিল। তাই পুলিশি বাধার কারণে তাঁদের সভাটি হয়নি। প্রশাসনের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করতে অনুমতি লাগে না। কারণ, তাঁরা কোনো জনসভা করছিলেন না। তাই অনুমতি নেওয়া হয়নি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।