পুলিশি বাধায় বিএনপির শোক র্যা লি হয়নি
গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে জয়পুরহাট ও পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার বিএনপির শোক র্যালির কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেখানে র্যালির আয়োজন করা হয়।
জয়পুরহাট জেলা বিএনপি সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে শহরের রেলঘুমটি এলাকার বিএনপি কার্যালয় থেকে নেতা-কর্মীরা শোক র্যালি বের করার উদ্যোগ নেন। এ সময় পুলিশ বাধা দেয়। এ কারণে র্যালি বাতিল করে দলীয় কার্যালয়ে শোকসভা করা হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক প্রমুখ।
জানতে চাইলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, তাদের কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে অনুমতি না নেওয়ায় তাদের র্যালি করতে নিষেধ করা হয়েছে।
একই দিন বিকেলে ঈশ্বরদীতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে শোক র্যালি বের করার উদ্যোগ নেয়। কিন্তু পুলিশের বাধার কারণে পরে তারা পথসভা করে। শহরের রেলগেট ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন। জঙ্গি হামলা ও পুলিশি বাধার নিন্দা জানিয়ে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান, পদত্যাগী কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, সহসভাপতি কে এম আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ সজীব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান প্রমুখ।
ঈশ্বরদী থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল ইসলাম বলেন, ‘আমরা বাধা দিইনি। তবে অনুমতিপত্র দেখতে চেয়েছিলাম। তারা তা দেখাতে পারেনি। এ জন্য তাদের র্যালি হয়নি।’