পুলিশি বাধায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির মঞ্চ তৈরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির মঞ্চ ও প্যান্ডেল তৈরিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবদুল হক জানান, আজ শনিবার উপজেলার পলাশ উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি হওয়ার কথা রয়েছে। ১৫ দিন আগে থেকে এই কর্মসূচির বিষয়ে প্রচার চালানো হচ্ছে। এ জন্য বিদ্যালয়ের মাঠের এক পাশে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল। কিন্তু গতকাল বিকেলে একদল পুলিশ গিয়ে কাজ বন্ধ করতে বলে। পরে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। আজকের কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও জেলার নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আবদুল হক আরও বলেন, ‘আমার যেভাবেই হোক আমাদের কর্মসূচি পালন করব। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘দেশব্যাপী এই কর্মসূচি শুরু হওয়ার পর তাঁরা সুনামগঞ্জের চারটি উপজেলায় এই কর্মসূচি পালন করেন। গত ৮ আগস্ট জেলার জামালগঞ্জ উপজেলায় এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাঁদের জানায়, আগস্ট মাসে কোনো কর্মসূচি পালন করা যাবে না। পরে পুরো জেলায় এই কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু এখন সেপ্টেম্বর মাসেও পুলিশ একইভাবে আমাদের স্বাভাবিক কর্মসূচি পালনে বাধা দিচ্ছে।’

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন প্রথম আলোকে বলেন, স্কুলের মাঠে এভাবে ঢাকঢোল পিটিয়ে মঞ্চ-প্যান্ডেল তৈরি করে সমাবেশ করা যাবে না। এ জন্য কোনো অনুমতিও তাঁদের দেওয়া হয়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই মঞ্চ ও প্যান্ডেল তৈরি করতে নিষেধ করা হয়েছে। তবে ঘরোয়াভাবে কর্মসূচি পালন করা যাবে।