পুলিশি বাধায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমেঞ্চলন পণ্ড
মানিকগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। পুলিশি বাধায় সম্মেলন পণ্ড হওয়ার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন শিক্ষকনেতারা। মানিকগঞ্জ প্রেসক্লাবে বেলা ১২টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আবদুল মজিদ, বেসরকারি কলেজ শিক্ষক সমিতির (বাকসিস) সভাপতি রেজাউল করিম, তোফজ্জল হোসেন, মো. আজাহার উদ্দিন, আবদুল জাহিদ প্রমুখ। সংবাদ সমেঞ্চলনে জানানো হয়, জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রিবার্ষিক সমেঞ্চলনের জন্য প্রথমে ক্যাপ্টেন আবদুল হালিম মিলনায়তন (টাউন হল) ব্যবহারের জন্য পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু গত মঙ্গলবার কর্তৃপক্ষ হলটি দিতে অপারগতা প্রকাশ করে। এরপর বাসস্ট্যান্ড এলাকার বধূবরণ কমিউনিটি সেন্টারটি ভাড়া নেওয়া হয়। গতকাল সকাল নয়টা থেকে শিক্ষকেরা সেখানে জমায়েত হতে থাকেন। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানা থেকে বিপুলসংখ্যক পুলিশ এসে ওই সেন্টারের সামনে অবস্থান নেয়।শিক্ষকনেতারা অভিযোগ করেন, সমবেত শিক্ষক ও কর্মচারীরা সম্মেলনের উদ্দেশ্যে একপর্যায়ে কমিউনিটি সেন্টারে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁদের ব্যানার ও ফেস্টুন কেড়ে নেওয়া হয়। পরে গ্রেপ্তারের হুমকি দেওয়া হলে শিক্ষকেরা ওই স্থান ত্যাগ করেন। সেলিম ভূঁইয়া বলেন, ‘বেআইনিভাবে আমাদের সম্মেলনে বাধা দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ঢাকায় অবস্থান ধর্মঘট করা হবে। দাবি আদায় না হলে ২০ জানুয়ারি ঢাকায় মহা অবস্থান কর্মসূচি পালন করা হবে।’মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে ওইখানে সম্মেলনের আয়োজন করা হয়। এ জন্য তাঁদের বাধা দেওয়া হয়। তবে ব্যানার বা ফেস্টুন কেড়ে নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।