পুলিশি ব্যারিকেডের মধ্যে ছাত্রদলের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ব্যারিকেডের মধ্যে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে বেলা ১১টার দিকে মানববন্ধনের প্রস্তুতি নিতে শুরু করলে বাধা দেয় পুলিশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা, অপপ্রচার, হত্যা, গুম ও বিরোধী দলের ওপর নির্যাতনের প্রতিবাদে ছাত্রদল জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।ছাত্রদলের নেতারা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টায় তাঁদের এই কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু সেখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ফোরাম কর্মসূচি পালন করছিল। তাদের কর্মসূচি শেষ হলে ছাত্রদল মানববন্ধন পালনের প্রস্তুতি শুরু করে। কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং কয়েকজন কর্মীকে সেখান থেকে আটক করে।শাহবাগ থানা-পুলিশ জানায়, জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বেশ কয়েকটি সংগঠনের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। এর মধ্যে ছাত্রদল ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মসূচি ছিল। এতগুলো কর্মসূচির কারণে সেখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সেখানে অতিরিক্ত পুলিশ, জল কামান, প্রিজন ভ্যান রাখা হয়েছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল মানববন্ধন করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি বেষ্টনীর মধ্যেই ছাত্রদল সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার বিএনপির জনসমর্থন দেখে ভয় পেয়েছে। এ জন্য বিরোধী মতের কোনো কর্মসূচি তারা সহ্য করতে পারছে না।সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দীন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।