পুলিশি রিমান্ড শেষে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর মারা গেছেন মাসুদ পারভেজ (৩৫) নামের এক ব্যক্তি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা শনিবার তাঁকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে কথিত ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন। মাসুদ পারভেজ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে। থাকতেন আশুলিয়ার আনারকলি এলাকায়। মাসুদের মৃত্যুর ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরুল আমিন ও গোয়েন্দা পরিদর্শক ওয়াহেদুজ্জামান। আশুলিয়া থানার পুলিশ জানায়, গত শনিবার র‌্যাব-৩ রাজধানীর খিলগাঁও ক্যাম্পের সদস্যরা মাসুদকে আটক করে ওই দিন রাতে আশুলিয়া থানায় সোপর্দ করেন। র‌্যাবের খিলগাঁও ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানাকে। আশুলিয়া থানায় র‌্যাবের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ২০০টি ইয়াবা বড়িসহ মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে খিলগাঁও র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। থানা সূত্র জানায়, মামলার তদন্তভার পেয়ে এসআই ফৌজিয়া পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে রোববার মাসুদকে আদালতে সোপর্দ করেন। আদালত এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলে ওই দিন রাতে তাঁকে থানায় নিয়ে আসা হয়। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।মাসুদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাসুদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। শত্রুতাবশত ভুল তথ্য দিয়ে তাঁকে গ্রেপ্তার করানো হয়। রিমান্ডে নিয়ে নির্যাতন করায় অসুস্থ হয়ে পড়লে গতকাল তাঁকে তড়িঘড়ি করে আদালতে পাঠানো হয়। আদালতে নেওয়ার পথে তিনি মারা যান। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফৌজিয়া সুলতানা বলেন, মাদক উদ্ধারসহ এ-সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মাসুদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রিমান্ডে থাকা অবস্থায় তাঁকে কোনো নির্যাতন করা হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, রিমান্ড শেষে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মাসুদকে আদালতে পাঠানো হয়। আদালতে পৌঁছানোর এক ঘণ্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।