পুলিশি হামলায় জড়িতদেও শাস্তির দাবিতে সমাবেশ
নারায়ণগঞ্জে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারসহ বেশ কয়েকটি দাবিতে বের করা মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে সমাবেশ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়।সমাবেশে বক্তারা বলেন, ৩১ জানুয়ারির মধ্যে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বুধবার শহীদ মিনারে ঢুকে সংগঠনের নেতা-কর্মীদের ওপর বর্বর হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তারা বলেন, ‘যাত্রী অধিকার ফোরাম কোনো সরকারবিরোধী বা পতনের আন্দোলন নয়। এটি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।সমাবেশে বক্তব্য দেন ১৪ দল নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক দুলাল সাহা, বাসদ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, গণফোরামের দেলোয়ার হোসেন, কৃষক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহমেদ, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।