পুলিশি হেফাজত থেকে অস্ত্র মামলার আসামি পালিয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্ত্র মামলার আসামি আবদুল কাদের (৩৮) গতকাল রোববার সন্ধ্যায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। শাহবাগ থানায় এ নিয়ে একটি মামলা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মোহাম্মদপুর থানার অস্ত্র মামলার আসামি আবদুল কাদেরকে গ্রেপ্তারের পরদিন বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে আদালত তাঁকে চিকিৎসার নির্দেশ দেন। এরপর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ২২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর শয্যায় তাঁকে ভর্তি করা হয়। রাজারবাগ পুলিশের হাবিলদার মোহাম্মদ আলী ও কনস্টেবল নুরনবী আসামি কাদেরের পাহারার দায়িত্বে ছিলেন। কিন্তু কাদের বথরুমে মুখ ধোয়ার কথা বলে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। হাসপাতালে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, কাদের মুখ ধোয়ার কথা বলে বারান্দার বেসিনে যান। এরপর তিনি উধাও হয়ে যান। তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার অপারেশন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গত বুধবার র্যাব-৪-এর একটি দল শ্যামলী থেকে একটি পিস্তলসহ কাদেরকে গ্রেপ্তার করে। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরদিন বৃহস্পতিবার কাদেরকে আদালতে সোপর্দ করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশের ভারপ্রাপ্ত উপকমিশনার (প্রসিকিউশন) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, কর্তব্যে অবহেলার অভিযোগে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।