পুলিশি হেফাজত থেকে পালাতে গিয়ে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আটকের পর পুলিশের চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালানোর সময় গুরুতর আহত হয়ে ঠাণ্ডু মিয়া (৪৪) নামের এক আসামি নিহত হয়েছেন। উপজেলার কোদালিয়া বৈন্যা এলাকায় গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
নিহত ঠাণ্ডু উপজেলার দেওজান সলিল গ্রামের হিরু মিয়ার ছেলে। তাঁর শ্বশুর স্থানীয় রায়হান আলী বলেন, সন্ধ্যার পর ঠাণ্ডুকে আটক করে পুলিশ মোটরসাইকেলে করে নিয়ে যায়। রাতে খবর আসে তিনি লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় আহত হয়ে মারা গেছেন।
চৌহালী থানা-পুলিশ সূত্র জানায়, চৌহালী থানার এএসআই রবিউল ইসলাম চুরির অভিযোগে উপজেলার বোয়ালিয়া বাজার থেকে ঠাণ্ডুকে আটক করে মোটরসাইকেলে থানায় নিয়ে যাচ্ছিলেন। পথে ঠাণ্ডু মোটরসাইকেল থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাঁকে। কিন্তু পথে অবস্থার আরও অবনতি হলে টাঙ্গাইলের নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ঠাণ্ডুকে। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।