পুলিশি হেফাজতে আসামি মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশি হেফাজতে আবুল হাসেম নামের এক আসামির মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন বলেন, ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক। কমিটির অপর দুই সদস্য হলেন জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী এবং সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) আবদুল করিম।
আবুল হাসেমের (৩৮) বাড়ি সরিষাবাড়ী পৌর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী লাকী বেগম হত্যার অভিযোগে হওয়া মামলায় হাসেমকে গত ২৯ মে রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশ দাবি করেছে, আত্মহত্যার চেষ্টার পর সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসেমের মৃত্যু হয়। তবে তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে ‘পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, নির্যাতনের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।