পুলিশি হেফাজতে আসামির মৃত্যু লাশ নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশি হেফাজতে আজাহার উদ্দিন (৫৫) নামের এক আসামি মারা গেছেন। আজাহারের পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
আজাহারের মৃত্যুকে হত্যাকাণ্ড অভিহিত করে এ ঘটনার বিচার চেয়ে গতকাল শুক্রবার নালিতাবাড়ী পৌর শহরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী। বিক্ষোভের মুখে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে আজাহার। তাঁর বিরুদ্ধে ভাতিজা আবদুর রহিম হত্যা মামলা রয়েছে। গত ২৪ জুলাই তাঁকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।
আজাহারের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সন্ন্যাসীভিটা গ্রামের রহিম হত্যা মামলার আসামি হিসেবে আজাহারকে গত বুধবার থানায় রিমান্ডে নেওয়া হয়। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী হাসপাতাল থেকে লাশ নিয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে কৃষিমন্ত্রীর ভিজিএফের চাল ও ত্রাণসামগ্রী বিতরণী অনুষ্ঠানে ঢুকে পড়ে এবং লাশ মঞ্চে তুলে বিক্ষোভ শুরু হয়। পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মঞ্চে এসে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজাহারের ছেলে সুরুজ আলী জানান, ‘বুধবার বাবাকে রিমান্ডে নেওয়া হয়। বাবাকে যাতে নির্যাতন না করা হয়, সে জন্য পুলিশকে ১৭ হাজার টাকা দিতে হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতে থানায় খাবার দিতে গিয়ে দেখতে পাই, বাবাকে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে। এ সময় আমাকে থানা থেকে বের করে দেয়। সকালে শুনি, বাবা মারা গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাজুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর আজাহারের শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিল। তাই চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি।
নির্যাতনের অভিযোগ অস্বীকার করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বলেন, রিমান্ডে আজাহারতে কোনো নির্যাতন করা হয়নি।