পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শাহজাহানপুর থানা হেফাজতে গত বুধবার রাতে সাইফুল ইসলাম ওরফে মিঠু (৩৮) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। পুলিশের দাবি, মাদকাসক্ত থাকায় সাইফুল অসুস্থ হয়ে মারা গেছেন। তবে পরিবার পুলিশের এ অভিযোগ অস্বীকার করেছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত ১১টার দিকে কমলাপুরের টিটিপাড়া বস্তি থেকে গাঁজা ও ইয়াবা সেবন করে তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে ওঠেন। এ সময় তাঁরা নেশাগ্রস্ত ছিলেন। পুলিশের টহল দল তাঁদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তাঁরা তা দেখাতে পারেননি। এরপর পুলিশ সাইফুল ও তাঁর দুই সঙ্গী নাসিরুল ইসলাম ও বাবুকে আটক করে থানায় নিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই মিঠু বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার সাইফুলের চাচাতো ভাই নিজাম উদ্দিন আহমেদ মর্গে সাংবাদিকদের বলেন, বুধবার রাতে পরিচিত দুই ব্যক্তির সঙ্গে সাইফুল দোকানে চা খাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। সাইফুলের সঙ্গীরা মাদকাসক্ত হতে পারেন, কিন্তু সাইফুল নন। সাইফুল গার্মেন্টসের ঝুট ব্যবসা করতেন। পরিবার নিয়ে ২৯৫/৩ মালিবাগের গুলবাগে থাকতেন। তাঁর বাবা প্রয়াত জহির উদ্দিন খাদ্য বিভাগের পরিচালক ছিলেন।
মর্গ সূত্র জানায়, সাইফুলের শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। তাঁর পাকস্থলী পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে এবং হূদ্যন্ত্র ঢাকা মেডিকেল কলেজের হিস্টোপ্যাথলজি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।