পুলিশি হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু: দুই পুলিশের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশি হেফাজতে ব্যবসায়ী রোকনুজ্জামানের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কারাগারে আটক পুলিশের দুই সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, হত্যা মামলার আসামি কারাগারে আটক নগরের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন ও কনস্টেবল মোছলেমের জামিনের আবেদন করা হয়। এর আগে মহানগর হাকিম আদালতে তাঁদের জামিন আবেদন নাকচ হয়েছিল। রাষ্ট্রপক্ষ ও বাদীর আইনজীবী জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, ‘আসামিরা জামিনে বেরিয়ে এলে বাদীপক্ষকে হুমকি দিয়ে মামলা প্রত্যাহারের চাপ দিতে পারে। পাশাপাশি ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারে নিহতের পরিবার।’ শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা থেকে এসআই আমির হোসেন ও কনস্টেবল মোছলেমকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। ব্যবসায়ী রুকনুজ্জামানের ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে মৃত্যুর কারণ উল্লেখ রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিমু আক্তার সাত পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন গত ২৫ জুন। এর আগে ১৮ জুন নগরের বাকলিয়া এলাকায় পাঁচলাইশ থানার একটি নারী নির্যাতন মামলায় রোকনুজ্জামানকে আটক করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের গাড়িতেই পুলিশি নির্যাতনে রোকনুজ্জামানের মৃত্যু হয়।