নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রীসহ চারজনকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক শামীম রেজা গতকাল বুধবার পুলিশের হেফাজতে মারা গেছেন। উৎকোচ না পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসভবনে সাত দিন আটক রেখে নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে রাত সাড়ে আটটার দিকে শামীমের লাশ প্রতাপেরচর গ্রামে আসার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল শুরু করে মেঘনা-প্রতাপেরচর সড়ক অবরোধ করেন। পরে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে জড়িত পুলিশ কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী শামীমা, তাঁর ছোট ভাই রানা ইসলাম, বাড়ির দুই গৃহকর্মী রেখা আক্তার ও মনি আক্তারকে গত ১৯ এপ্রিল গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ মে পুলিশ শামীমার মামাতো ভাই রাজীব মিয়া, চেয়ারম্যানের ছেলে শাহাদাত ইসলামের দুই বন্ধু আশরাফ ও শামীম রেজাকে আটক করে। ছয় দিন পর ১৯ মে আশরাফকে আদালতে হাজির করা হয়। পরদিন ২০ মে শামীম রেজাকে আদালতে হাজির করা হয়। সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শামীমের বাবা উপজেলার প্রতাপেরচর গ্রামের আলাউদ্দিন মিয়া অভিযোগ করেন, ‘আমার ছেলেকে ১৪ মে সকালে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ি থেকে আটক করে পুলিশ। ওসি আতিকুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদারের বাসায় পালা করে তাঁকে আটকে রাখা হয়। রাতে বাসার ছাদে নিয়ে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। তদন্ত কর্মকর্তা বিভিন্ন সময় আমার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন। ইতিমধ্যে তাঁকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।’
আলাউদ্দিন অভিযোগ করেন, তাঁর ছেলের অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার তড়িঘড়ি করে পুলিশ শামীমকে আদালতে হাজির করে। সোমবার সন্ধ্যায় শামীম আদালতে অসুস্থ হয়ে পড়লে পুলিশ প্রথমে তাঁকে জেলা কারাগারে নিয়ে যায়। কিন্তু গুরুতর অসুস্থ হওয়ায় কারা কর্তৃপক্ষ তাঁকে গ্রহণ করেনি। পরে পুলিশ তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শামীমের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, শামীমের বাঁ পায়ে ও কোমরের দুই পাশে কালো দাগ রয়েছে। মাথার ডান পাশে গুরুতর জখম এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
অবশ্য পরিদর্শক অরূপ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা শামীমের পরিবার থেকে কোনো টাকা নিইনি। তাঁকে কে নির্যাতন করেছে জানি না।’ থানার ওসি আতিকুর রহমান দাবি করেন, ‘বিষয়টি আমরা জানি না। কারাগারে শামীম নির্যাতনের শিকার হতে পারেন।’
তবে নারায়ণগঞ্জ জেলা কারাধ্যক্ষ ফোরকান ওয়াহিদ বলেন, শামীম এক ঘণ্টার মতো কারাগারে ছিলেন। অসুস্থ থাকায় দ্রুত কারাগার থেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গত রাতে বলেন, পুলিশি হেফাজতে শামীমের মৃত্যুর ঘটনায় তন সদস্যের কমিটি করা হয়েছে।