পুলিশি হেফাজতে হত্যা মামলায় দুজন কারাগারে
রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের জনিকে থানায় নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগে করা মামলায় দুই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
গতকাল পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল হাসান ও কামরুজ্জামান ওরফে মিন্টু আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুজনের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ৮ ফেব্রুয়ারি মিরপুর ১১ নম্বর সেকশনে এক বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স হিসেবে পরিচিত সুমন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেন। জনি ও তাঁর ভাই রনি তাতে বাধা দেন। পরদিন ওই বাড়ি থেকে সুমন পুলিশ দিয়ে জনি ও রনিকে ধরে নিয়ে যায় এবং নির্যাতন করে।
ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জনির মা খুরশিদা বেগম আদালতে নালিশি মামলা করেন।