পুলিশি হয়রানি ও এক প্রসূতির মৃত্যু
পরিবারের প্রথম সন্তান। অপার আনন্দ-উল্লাসই ছিল প্রত্যাশিত। কিন্তু সেই পরিবারেই এখন আহাজারি। চলছে মাতম। মারা গেছেন প্রসূতি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অযথা পুলিশি হয়রানির কারণে সময়মতো রক্ত সংগ্রহ করা যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে প্রসূতির।পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন কুষ্টিয়ার শহরতলি মোল্লাতেঘড়িয়া এলাকার ওয়াসিম শেখ। গত বুধবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর স্ত্রী রোকেয়া খাতুন মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিকেলে রোকেয়ার লাশ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে উত্তেজিত জনতা।ওয়াসিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর স্ত্রীর প্রসববেদনা ওঠে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা স্বাভাবিকভাবে সন্তান প্রসবের কথা জানালে তিনি প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়ে বাড়ি ফিরে আসেন। স্ত্রীর পাশে রেখে আসেন প্রতিবেশী তাসলিমাকে। রাত দেড়টার দিকে ফোন দিয়ে তাঁকে জানানো হয়, তাঁর ছেলে হয়েছে। তাঁর স্ত্রীর জন্য রক্ত লাগবে। ওয়াসিম তখন দ্রুত হাসপাতালের উদ্দেশে হেঁটে রওনা হন।ওয়াসিমের ভাষ্যমতে, রাত দুইটার দিকে জেলখানা মোড় এলাকায় পৌঁছালে টহলরত পুলিশ তাঁকে আটকে পরিচয় ও বাইরে বের হওয়ার কারণ জানতে চায়। তিনি স্ত্রীর গুরুতর অবস্থা ও হাসপাতালে থাকার কথা বলেন। কিন্তু এসআই ওবাইদুর রহমান তাঁকে চুপ করে বসে থাকতে বলেন। প্রায় দুই ঘণ্টা শহরের বেশ কয়েকটি এলাকা ঘুরে এক পুলিশ সদস্যের সঙ্গে রিকশায় করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশী তাসলিমা খাতুন জানান, রক্তের জন্য হাসপাতালের সেবিকারা ছোটাছুটি করেছেন। কিন্তু পাননি। ভোর চারটার দিকে হাসপাতালে পৌঁছে ওয়াসিম কোথাও রক্ত না পেয়ে নিজের ‘এ’ পজিটিভ রক্ত হাসপাতালে জমা দিয়ে ‘বি’ পজিটিভ রক্ত সংগ্রহ করেন। ততক্ষণে রোকেয়া অচেতন হয়ে পড়েন। পাঁচটা ২০ মিনিটে তাঁকে রক্ত দেওয়া হয়। সকাল আটটার দিকে তিনি মারা যান।চিকিৎসা কর্মকর্তা আরজ উল্লাহ জানান, প্রসবের পরপরই প্রসূতির রক্তক্ষরণ শুরু হয়। সেবিকারা রোগীর কোনো পুরুষ লোককে খুঁজে পাননি। জরুরি অবস্থায় ব্লাড ব্যাংক থেকে রক্ত দেওয়ার বিধান আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, সাধারণত রোগীর লোকজনই রক্ত সরবরাহ করে থাকেন। না থাকলে তাঁদের কাছ থেকে রক্ত নিয়ে ব্লাড ব্যাংকে জমা রেখে প্রয়োজনীয় রক্ত দেওয়া হয়। কুষ্টিয়া মডেল থানার এসআই ওবাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছেলেটাকে (ওয়াসিম) ভালো মনে হয়নি। তাই তাঁকে গাড়িতে ওঠানো হয়।’ তিনি দাবি করেন, রাত সোয়া তিনটার দিকে মজমপুর রেলগেট থেকে ওয়াসিমকে রিকশায় করে হাসপাতালে পাঠানো হয়। পরে জানতে পারেন, তাঁর স্ত্রী রক্তক্ষরণে মারা গেছেন। ওয়াসিমকে আটকের পর তাঁকে সরাসরি হাসপাতালে কেন নেওয়া হলো না—এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এসআই।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে এলাকাবাসী একটি অভিযোগপত্র দিয়েছে। দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।