পুলিশি হয়রানির অভিযোগ বেড়া আ.লীগের একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। পুলিশ একটি বিশেষ মহলের ইন্ধনে বেড়া ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনের দাবি করা হয়।
বেড়া উপজেলা আওয়ামী যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল ইসলাম ফরিদের ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তাঁর বক্তব্য থেকে জানা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ও বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে গত মঙ্গলবার সাঁথিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল বের হয়। এর পর থেকে মিছিলের নেতৃত্বদানকারী কয়েকজন নেতার বিরুদ্ধে পুলিশ আক্রোশমূলক আচরণ করছে।
লিখিত বক্তব্যে জানানো হয়, এরই ধারাবাহিকতায় বেড়া উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রশীদ দুলালের বাড়িতে পুলিশ হয়রানিমূলক তল্লাশি চালিয়ে তাঁর লাইসেন্স করা শটগান ও ৫০ রাউন্ড গুলি নিয়ে যায়। এ সময় তাঁর পরিবারের লোকজনের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করে। এ ছাড়াও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দাস, আওয়ামী লীগের নেতা তপন হায়দারসহ কয়েকজন নেতা-কর্মীকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক মণ্ডল, উপজেলা কৃষক লীগের সহসভাপতি হবিবুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।
উল্লেখ্য, পাবনা-১ আসনের আওতাধীন বেড়া ও সাঁথিয়া উপজেলায় ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এর একাংশের নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ও অপর অংশের নেতৃত্বে রয়েছেন বর্তমান সাংসদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। পাঁচ বছর ধরে আবু সাইয়িদের অনুসারীরা নিষ্ক্রিয় হয়ে থাকার পর আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে চাঙা হয়ে উঠেছেন। তাঁদের ধারণা, পাবনা-১ আসনে এবার আবু সাইয়িদই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। আবু সাইয়িদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় আগামীকাল শুক্রবার বেড়া কলেজ মাঠে ‘প্রজন্ম ৭১’-এর পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে। প্রকৃতপক্ষে আগামী নির্বাচন উপলক্ষে এটি আবু সাইয়িদের রাজনৈতিক শোডাউন বলে অনেকেই মনে করছেন।
আমিনুল ইসলাম বলেন, গণসংবর্ধনা অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে একটি চিহ্নিত মহল পুলিশকে ব্যবহার করে নেতা-কর্মীদের হয়রানি করছে।
এ ব্যাপারে বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, আবদুর রশীদ দুলাল তাঁর লাইসেন্স করা শটগান ও পিস্তল দিয়ে আওয়ামী লীগের একাংশের কিছু নেতা-কর্মীকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে বেড়া থানার ওসি আগ্নেয়াস্ত্র দুটির কাগজপত্র দেখতে রশীদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁকে না পেয়ে ওসি গুলিসহ তাঁর শটগানটি থানায় নিয়ে আসেন।