পুলিশি হয়রানির পর নছিমন উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইওয়ে পুলিশের হয়রানির শিকার হয়ে মহাসড়কে নছিমন উল্টে গতকাল শনিবার নাটোরে একজন দিনমজুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার বগুড়ার শেরপুর উপজেলায় বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন চারজন।
নাটোর, বগুড়াসহ দুই দিনে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ৩১ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: নছিমন উল্টে দিনমজুর নিহতের ঘটনা ঘটে নাটোরের গাজিরবিল এলাকায়। নিহত ব্যক্তির নাম আকুল হোসেন (৪০)। বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ক্ষুদ্রগোবিন্দপুর গ্রামে। তিনি ধানকাটা শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আকুলসহ ছয়জন ধানকাটা শ্রমিক নছিমনে করে নাটোর-ঢাকা মহাসড়ক হয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। গাজিরবিল এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশ নছিমনটি থামিয়ে চালকের কাছে ২০০ টাকা দাবি করে। না দেওয়ায় তারা নছিমনের চাকা ফুটো করে দেয়। একপর্যায়ে ওই অবস্থাতেই নছিমনটি চলতে শুরু করে। কিছুদূর যেতেই সেটি উল্টে যায়। নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান দিনমজুর আকুল। গুরুতর আহত হন অন্য পাঁচ শ্রমিক। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান। পরে সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ক্ষুব্ধ কয়েক শ লোক আকুলের লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। স্থানীয় সাংসদের কয়েকজন প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিল বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তখন পুলিশ লাশ গ্রহণ করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, টাকা দাবির অভিযোগ সত্য নয়। পুলিশ নছিমনটি আটকানোরও প্রায় আধঘণ্টা পর সেটি দুর্ঘটনার শিকার হয় বলে দাবি করেন তিনি।
এদিকে নাটোরের সিংড়া উপজেলায় শুক্রবার সন্ধ্যায় গরুবাহী ভটভটি উল্টে আমির হামজা (৫২) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি উপজেলার কয়রাবাড়ি গ্রামে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, নাটোর-বগুড়া মহাসড়কের জোড় ব্রিজ এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে সাতজন আহত হন। তাঁদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মারা যান আমির হামজা। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর (বগুড়া): পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের গাঁড়ই এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে এর চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ২০ যাত্রী। তাঁদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত চারজন হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের রেজাউল করিম (৩০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাৃর মিজানুর রহমান (৩০) এবং লালমনিরহাট সদর উপজেলার আতাউল ইসলাম (২৫) ও মো. কনক (২৭)। চারজনই পেশায় দিনমজুর।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা এলাকায় শুক্রবার সকালে বাসের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আবদুল মোমিন (২২)। তাঁর বাড়ি উপজেলার যুগ্মীদহ গ্রামে।
মোমিনের বাবা নূর হোসেন বলেন, গত ২৮ এপ্রিল মোমিনের বিয়ে হয়। শুক্রবার বিকেলে বউকে নিয়ে তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। সে জন্য মোমিন বউয়ের হাতের চুড়ি কিনতে শাহজাদপুর বাজারে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।