পুলিশিং কমিটিতে বেশির ভাগই সরকারি দলের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে মিজান যথাক্রমে থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব। ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ বারী ও সাধারণ সম্পাদক জামাল হোসেন ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। মহানগরের ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ গণি তালুকদার শাহ আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি। ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সদস্য আবু মুছা আহাম্মেদ ওই কমিটির সাধারণ সম্পাদক।মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য দেওয়ান আবদুল মান্নান থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সৈয়দ হাসিবউদ্দিন চন্দন সাধারণ সম্পাদক। মহানগরের ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লা পল্লবী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পল্লবী থানা আওয়ামী লীগের সহকারী দপ্তর সম্পাদক আফাজউদ্দিন থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক।কাফরুল থানা আওয়ামী লীগের সদস্য হাজি মো. ইলিয়াছ শাহ কাফরুল থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি এবং থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. মতিউর রহমান মাইকেল সাধারণ সম্পাদক। শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ওই থানার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মহানগরের ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী সাধারণ সম্পাদক।৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ওবায়দুর রহমান শেরেবাংলা নগর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি। কলাবাগান ও ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল ধানমন্ডি থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুধু থানা নয়, ওয়ার্ড, ইউনিট বা মহল্লায় গঠিত কমিউনিটি পুলিশিং কমিটিতে বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিউনিটি পুলিশিং কমিটির বেশির ভাগ সদস্য আওয়ামী লীগের নেতা-কর্মী। এ কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তিরস্কার করা হয়েছে। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ নেই, এমন লোকদেরই কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য করার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে।পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা এ প্রসঙ্গে বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের দিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হলে কাজের পাশাপাশি অকাজ হওয়ার আশঙ্কা থাকে। আবার কমিটিতে ভালো লোক না আসায়ও এমনটি হচ্ছে। আইনজীবী, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন পেশার লোকজনকে নিয়ে কমিটি গঠন করা হলে তা কার্যকর হতে পারে।