স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, জনবলসমস্যা সমাধানে আগামী তিন বছরে পুলিশের বিভিন্ন পর্যায়ে আরও ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে। এরই মধ্যে এ নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরের ৪১তম গেন্ডারিয়া থানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য মিজানুর রহমান খান, সানজিদা খানম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক, অভিনেতা এ টি এম শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।সাহারা খাতুন অতীতের যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজিসহ সব অপরাধ জিরো পয়েন্টে নামিয়ে আনতে চায় সরকার।গেন্ডারিয়া থানার সীমানা: পূর্বে গেন্ডারিয়া রেলস্টেশন হয়ে ঘুণ্টিঘর দয়াগঞ্জ রেললাইন হয়ে সায়েদাবাদ স্বামীবাগ রেলক্রসিং পর্যন্ত; উত্তরে সায়েদাবাদ রেলক্রসিং পার হয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে দিয়ে মুরাদ কমিউনিটি সেন্টার এবং দয়াগঞ্জ ট্রাক টার্মিনালের মাঝের রাস্তা দিয়ে সালাহউদ্দিন ভবন ক্রসিং হয়ে খ্রিষ্টান কবরস্থান পর্যন্ত; পশ্চিমে নারিন্দা রোড হয়ে ধোলাইখাল নারিন্দা রোড ক্রসিং পার হয়ে বানিয়ানগর ক্রসিং, এরপর পুরাতন কাঠেরপুল ক্রসিং হয়ে নতুন রাস্তা দিয়ে লোহারপুল ক্রসিং এবং বাকল্যান্ড বাঁধ পার হয়ে গোঁসাইবাড়ী বাজার ক্রসিং পর্যন্ত; দক্ষিণে বুড়িগঙ্গা নদীর সীমানা ধরে আলমগঞ্জ জামে মসজিদ ক্রসিং, ফরিদাবাদ স্কুল ক্রসিং, হরিচরণ রায় রোড হয়ে ঢালকানগর গ্লাস ফ্যাক্টরির গলি দিয়ে বাংলাদেশ ব্যাংক কলোনির উত্তর-পশ্চিম কর্নারের ক্রসিং পর্যন্ত এবং ঢালকানগর ছাপড়া মসজিদের সামনে দিয়ে ঢালকানগর লেন হয়ে বায়তুল আমান জামে মসজিদের সামনে দিয়ে ডিআইটি প্লটের পশ্চিম পাশের রাস্তা পার হয়ে সতীশ সরকার রোড ক্রসিং পর্যন্ত।