'পুলিশে আরও ৫০ হাজার নিয়োগ হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

আইনশৃঙ্খলার উন্নয়নে জনবল বাড়াতে পুলিশ বিভাগে আরও ৫০ হাজার নিয়োগ দেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জে ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া শেষে সিলেটের চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া দীর্ঘদিন নিখোঁজের পর ভারতের মেঘালয়ে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকেও দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি জানান ।
বেলা ১২টার দিকে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ১৯৭১ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ-ভারত সীমান্তের যেখানে মরণপণ লড়াই করে সিপাহি হামিদুর রহমান শহীদ হন সেই স্থানটি দেখান।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল আজিজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।