করোনায় আক্রান্ত পুলিশের ৬৭১৮ সদস্য

গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ১০৬ জন জন পুলিশ সদস্য করোনায় ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ মঙ্গলবার পর্যন্ত সারাদেশে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৭১৮ জন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ বাহিনীতে আক্রান্ত ছয় হাজার ৭১৮ সদস্য ডিএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত। এর মধ্যে ডিএমপিরই এক হাজার ৮৮৫ জন। সারাদেশে আট হাজার ১৬ জন জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গ নিরোধ) ছিলেন। এখন পর্যন্ত আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) আছেন দুই হাজার ৯০৯ জন। গতকাল পর্যন্ত ৩০৪৯ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত যে ১৯ জন পুলিশ সদস্য মারা গেছেন, তার মধ্যে ডিএমপিরই ১০ জন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা গতকাল প্রথম আলোকে বলেন, করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিযে করোনায় আক্রান্ত হওয়া পুলিশের তিন হাজার ৪৯ জন সদস্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ১৪১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিসে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ফায়ার সার্ভিসের আটজন কর্মকর্তা হোম কোয়ারেন্টিন ও ৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দুজন কর্মকর্তাসহ ৫৪ জন সুস্থ হয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বলেন, সুস্থ হয়ে ওঠা ৫৪ জনই কাজে যোগ দিয়েছেন।