পুলিশে চাকরি পেতে ভূসম্পত্তি থাকার নিয়ম সংবিধান পরিপন্থী
ভূসম্পত্তি না থাকায় পুলিশের কনস্টেবল পদে চা-শ্রমিক পরিবারের দুই সদস্যের চাকরি না হওয়া সংবিধান পরিপন্থী। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের চাকরি পাওয়ার অধিকার আছে। স্থায়ী সম্পত্তি না থাকলে চাকরি হবে এটা নিয়ম হতে পারে না।
ভূসম্পত্তি না থাকার কারণে কনস্টেবল পদে উত্তীর্ণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই সদস্যের চাকরি না হওয়ার প্রতিবাদে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী যুব পরিষদ, সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়নসহ কয়েকটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে প্রতিযোগিতামূলক পরীক্ষায় চা-বাগানে কাজ করা পরিবারের দুই সদস্য পরীক্ষার্থীয় সফলভাবে উত্তীর্ণ হলেও তাদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের ‘অপরাধ’ তাদের বাবা-মায়ের নিজস্ব বা নিজের জমিজমা নেই। এই দুজন হলেন কলিন্স রোজারিও এবং রাজু প্রসাদ করি।
মানববন্ধনে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, যে দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা অর্জন করে সেখানে পুলিশের এই ধরনের নিয়ম মেনে নেওয়া যায় না। নাগরিকের সাংবিধানিক অধিকার হলো যোগ্যতা ভিত্তিক চাকরি পাওয়া। পুলিশ কি বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানে না। তিনি বলেন, ‘আমার লজ্জা হয় যখন আদিবাসীদের ভূমিহীন বলে চাকরি দেওয়া হয় না। তাহলে যারা পুলিশে চাকরি করে তারা কি জামিদার? জমিদারদের চাকরির কি দরকার? সাত দিনের মধ্যে তাদের চাকরিতে ফেরত নিতে হবে। নয়তো অনশন করব।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ সিং।