পুলিশে ধরনা দিয়েও বাঁচলেন না তহমিনা
স্বামী আলতাব হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গত সোমবার আদালতে মামলা করেছিলেন তহমিনা খাতুন (৩২)। মামলাটি পুলিশ তদন্তও করেছিল। এর মধ্যেই গত বুধবার দুপুরেও আবার তাঁকে নির্যাতন করা হয়। বিকেলে পুলিশকে তা জানান তহমিনা। পুলিশ বলেছিল, পরদিন সকালে বিষয়টি দেখা হবে। কিন্তু তার আগেই লাশ হতে হলো তহমিনাকে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের একটি মাঠ থেকে তহমিনার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুরের আদালতে তহমিনার করা মামলাটি তদন্ত করছিলেন স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে তহমিনা মারধরের বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় মাতব্বরদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল। তবে সকালে তাঁর লাশ পাওয়া যায়।
তহমিনা খাতুন দৌলতপুরের নজিবপুর গ্রামের মৃত ফজির উদ্দীনের মেয়ে। পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে ২০০৬ সালের দিকে মাছ ব্যবসায়ী আলতাব হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। এটা তহমিনা ও আলতাব উভয়েরই দ্বিতীয় বিয়ে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, গত বুধবার দুপুরে আলতাব তাঁর স্ত্রী তহমিনাকে মারধর করেন। বিকেলে বিষয়টি তহমিনা থানায় জানান। এতে ক্ষিপ্ত হয়ে আলতাব সন্ধ্যায় আবার তাঁকে মারধর করেন।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, আলতাব তাঁর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা করে লাশ ফেলে গেছেন। একই রশি দিয়ে তাঁর গলায় ফাঁসও দেওয়া হয়। তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়েছে। দাঁতও ভেঙে ফেলা হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আলতাব পলাতক।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড নওদাপাড়া গ্রামের ইউপি সদস্য আলম হোসেন বলেন, ২০০৫ সালের দিকে তহমিনার প্রথম স্বামী নওদাপাড়া গ্রামের মঙ্গল সরকার খুন হন। এরপর বাড়ির পাশের আলতাবের সঙ্গে তহমিনার আবার বিয়ে হয়। আলতাবেরও এটা দ্বিতীয় বিয়ে ছিল।
বিয়ের পর থেকেই তহমিনা আগের স্বামীর বাড়িতেই একা থাকতেন। আলতাব তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে থাকেন। মাঝেমধ্যে তহমিনার বাড়িতে গিয়ে থাকতেন। এ নিয়ে উভয় সংসারেই ঝগড়া চলত। গত সোমবার তহমিনা মেহেরপুর আদালতে নারী নির্যাতনের অভিযোগে আলতাবের বিরুদ্ধে একটি মামলা করেন, যার নম্বর সিআর ১৬৬/১৪।