পুলিশে নিয়োগে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরাও সুযোগ পাবেন
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হওয়া মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ের পাশাপাশি তাঁদের নাতি-নাতনিদেরও এ কোটায় পুলিশ বাহিনীতে চাকরির সুযোগ দেওয়া হবে। নতুন করে যে চার হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, তাতেই এই সুযোগ থাকছে। একই সঙ্গে পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে পাসের নম্বর ৫০ থেকে কমিয়ে ৪৫ করা হচ্ছে। এ নম্বর পাওয়ার এই শর্ত সাব ইন্সপেক্টর ও সার্জেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। কনস্টেবলদের পাসের কোনো বাধাধরা নম্বর নেই। সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদে পাস নম্বর কমাতে পুলিশ প্রবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, সরকার বাহিনীর লোকবল বাড়াতে বেশ কিছু কার্যকর উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে যেসব বাধা ছিল সেগুলো দূর করা হচ্ছে।সূত্র জানায়, পুলিশ বাহিনীতে ৩২ হাজার ৩১ জন জনবল নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে ১১ হাজার ৫১৬ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে। এখন এক হাজার ২৯২ জনের নিয়োগপ্রক্রিয়া চলছে। এ ছাড়া নতুন করে আরও চার হাজার কনস্টেবল নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ সম্পন্ন হওয়া পুলিশ সদস্যের মধ্যে ৮৬৭ জন এসআই ও ১৩১ জন সার্জেন্ট রয়েছেন। বাদবাকি ১০ হাজার ৫১৮ জনই কনেস্টবল বা সাধারণ সদস্য।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, বাহিনীতে লোক নিয়োগের ক্ষেত্রে দুটি সমস্যা দেখা দেয়। এক, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হওয়া। দুই, লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর না পাওয়া। নিয়ম অনুসারের লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদা করে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। কিন্তু বেশির ভাগ পরীক্ষার্থীই সে নম্বর পান না। এতে একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হয়।পুলিশের নিয়োগ ও ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, সংস্থাপন মন্ত্রণালয় গত ১৫ জানুয়ারি এক প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা কোটা সংশোধন করে। এতে বলা হয়, ‘মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের না পাওয়া গেলে তাঁদের পুত্র-কন্যা, মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের না পাওয়া গেলে তাঁদের পুত্র-কন্যা (নাতি-নাতনি) দিয়ে পূরণ করা হবে।’ বর্তমান কনস্টেবল নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা থেকেই এ কোটা অনুসরণ করা হবে।