পুলিশে ১৬ হাজার লোক নিয়োগ চূড়ান্ত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মহাজোট সরকার পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে। ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’—এই স্লোগান সামনে রেখে আগামী তিন বছরে পুলিশে আরও ৩২ হাজার লোক নিয়োগ দেওয়া হবে। এই প্রক্রিয়ায় এর মধ্যেই ১৬ হাজার লোক নিয়োগ চূড়ান্ত হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ থানাকে মডেল থানায় উন্নীত করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বিকেল চারটায় গোলাপগঞ্জ থানা কমপ্লেক্সে এ অনুষ্ঠান হয়।সাহারা খাতুন বলেন, পুলিশকে শক্তিশালী করতে মেরিন, পর্যটন ও শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হচ্ছে। জাতিসংঘের শান্তি মিশনে এবারই প্রথম ১৪০ জন নারী পুলিশ পাঠিয়ে বর্তমান সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে পুলিশকে গুরুত্বপূর্ণ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ রিফর্ম প্রোগ্রামের আওতায় দেশের ৩৫টি থানাকে মডেল থানায় উন্নীত করার জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ১৭টির কাজ সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ থানা এই ১৭টির একটি। ওয়ান স্টপ সার্ভিস থাকায় এখন থেকে প্রবাসী-অধ্যুষিত এ উপজেলার মানুষ দ্রুত সেবা পাবে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ জেবুন্নেছা হক, সিলেট রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোশারফ হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী, সিলেট মহানগর পুলিশ কমিশনার আফতাব আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন আহমদ সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবদুল খালিক, গোলাপগঞ্জ পৌরসভা চেয়ারম্যান জাকারিয়া আহমদ।