পুলিশের অতিরিক্ত আইজিপির পিএকে দুদকে জিজ্ঞাসাবাদ
নিয়োগ-বাণিজ্য এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত সহকারী (পিএ) আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।
আইয়ুবের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও এসেছে দুদকে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সরকারবিরোধীদের কাছে তথ্য পাচারের অভিযোগও এসেছে। তবে সরকারি তথ্য পাচারের অভিযোগ দুদকের তফসিলভুক্ত না হওয়ায় দুদক কেবল আর্থিক দুর্নীতির বিষয়টি অনুসন্ধান করছে।
দুদক সূত্র জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর আইয়ুব আলীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। তাঁর বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, পটুয়াখালীতে তাঁর বাড়ি হলেও পুলিশে নিয়োগের সময় পটুয়াখালী জেলায় কোনো কোটা না থাকায় ঢাকার মিথ্যা ঠিকানা ব্যবহার করে নিয়োগ পেয়েছেন।
দুই আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ: আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুটি আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এঁরা হলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাসকুর আহমেদ।
গতকাল দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে।
সিটি ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ: ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে সিটি ব্যাংকের আরও পাঁচ সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাঁরা হলেন সাব্বির আহমেদ, এ কে এম হাসানুজ্জামান, মাহফুজুর রহমান, সৈয়দ মাহমুদুল হাসান সালেহ ও মো. শাহজাহান আলী। দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে।