পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ন্ত্রণে অ্যামনেস্টির সুপারিশ
বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ন্ত্রণে নতুন সুপারিশমালা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির পক্ষ থেকে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরের রাস্তা থেকে শুরু করে ব্রাজিলের শহরে পুলিশের গুলিতে মানুষ নিহত হওয়ার ঘটনায় সারা বিশ্বের গণমাধ্যমে খবর হয়েছে। এ ছাড়া আরও অগণিত ঘটনা আছে, যেখানে পুলিশ শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের বদলে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। তাদের দিকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। গুলি ও রাবার বুলেট ছুড়ে মারে। এতে অনেকে নিহত হয়। গুরুতর আহত হয় বহু মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ন্ত্রণে নতুন সুপারিশমালা প্রকাশ করছে।
‘পুলিশ কর্মকর্তাদের ক্ষমতা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারে জাতিসংঘের মূল নীতি’ গৃহীত হওয়ার ২৫ পূর্তি উপলক্ষে সুপারিশমালা পেশ করেছে অ্যামনেস্টি। পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ রুখতে বিশ্বের দেশগুলোকে জাতিসংঘের ওই মূল নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বলপ্রয়োগ পুলিশের দায়িত্বের অংশ। কিন্তু এর মানে অবশ্যই এই নয় যে এগুলো এড়ানো যাবে না। বস্তুত, আন্তর্জাতিক মান অনুযায়ী, একান্ত প্রয়োজন না হলে পুলিশ এগুলো ব্যবহার করতে পারে না। কিন্তু অনেক দেশেই তা মানা হয় না। পুলিশ অতিরিক্ত বা বেআইনিভাবে শক্তি ও আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার করে।
অ্যামনেস্টির নতুন সুপারিশমালার লক্ষ্য হলো এই ফারাক কমিয়ে আনা এবং রাষ্ট্রের পক্ষ থেকে আইনি ও ব্যবহারিক পদক্ষেপ নেওয়া, যাতে পুলিশ ক্ষমতার অপব্যবহার করতে না পারে। আইনের লঙ্ঘন না করে। এ জন্য পুলিশের সব ধরনের শক্তির ব্যবহারের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে হবে।