পুলিশের অবহেলা, যথাযথ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরা পারভীন
মনিরা পারভীন

কলেজছাত্রী মনিরা পারভীন হত্যা মামলার তদন্ত করেছেন দুজন কর্মকর্তা। কিন্তু সাত মাসেও অগ্রগতি নেই। সম্প্রতি তদন্ত প্রতিবেদন তৈরি করা হলেও তাতে রয়ে গেছে বেশ কিছু ত্রুটি। ফলে থানা পুলিশকে আবারও যথাযথ তদন্ত করার নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মামলা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলেছেন, গত সাত মাসে মামলাটির তদন্তে চরম অবহেলা করা হয়েছে।
জানতে চাইলে তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, তদন্ত সন্তোষজনক না হওয়ায় সম্প্রতি আবার তদন্ত করতে বলা হয়েছে।
খিলক্ষেতের বড়ুয়া পশ্চিম পাড়ার লাহনিয়ায় গত বছরের ২১ জুন খিলক্ষেত নিকুঞ্জ মডেল কলেজের ছাত্রী মনিরাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন মনিরার বাবা মো. মোস্তফা।
মামলার এজাহার ও পরিবারের বক্তব্য অনুযায়ী, এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান নাসির উদ্দিন নামের এক যুবক গত ১৮ জুন মনিরাকে গোপনে বিয়ে করেন। বিয়ের পর দুজনই ছিলেন আত্মগোপনে। বিষয়টি জানাজানি হলে নাসিরের পরিবার মনিরার পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মনিরার পরিবারের পক্ষে তা দেওয়া সম্ভব ছিল না। এরই মধ্যে গত ২১ জুন মনিরাকে নিয়ে নাসির বাসায় যান। তখনই নাসিরের স্বজনেরা মনিরার ওপর হামলে পড়েন।
মামলা শুরুর দিকে তদন্ত কর্মকর্তা ছিলেন খিলক্ষেত থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক। ঘটনার পর নাসির ও তাঁর চাচা মুন্তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তার করেই থমকে যায় তদন্ত। আবু বকর বদলি হওয়ার পর মামলাটির তদন্ত করেন খিলক্ষেত থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। বর্তমানে আসামিরা সবাই জামিনে বেরিয়ে বাদীপক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
গত বছরের নভেম্বরে অভিযোগপত্র দেওয়ার জন্য মামলার তদন্ত তদারক কর্মকর্তা গুলশান বিভাগের ডিসির কাছে তদন্তসম্পর্কিত প্রতিবেদন পাঠান সাবেক ওসি শামীম।
ডিসি লুৎফুল কবীর বলেন, ‘মামলার তদন্তে বেশ কিছু ত্রুটি ছিল। তাই কিছু পর্যবেক্ষণ লিখে যথাযথ তদন্ত করতে বলা হয়েছে।’
মনিরার বাবা মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘সাবেক ওসি শামীম হোসেনের কাছে অন্তত সাত-আটজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। কিন্তু তিনি তা যথাযথভাবে উপস্থাপন না করে আসামিদের রক্ষার চেষ্টা করেন। আসামিদের গ্রেপ্তারের বিষয়টি বারবার ওসিকে জানিয়েছি। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি।’
অন্য একটি অভিযোগে শামীম হোসেন বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত আছেন। তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলার বর্তমান অবস্থা: ডিসি লুৎফুল কবীর জানান, খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ উদ্দিন মামলাটির তদন্ত করবেন।
তবে গত শনিবার খিলক্ষেত থানায় যোগাযোগ করা হলে আশরাফ উদ্দিন বলেন, ‘আসলে মামলাটা দেখছেন ওসি স্যার।’
তবে খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ওসি তদন্ত মামলাটি দেখছেন।’
‘কিন্তু তিনি তো বলেছেন আপনিই দেখছেন’—ওসির উত্তর, ‘হ্যাঁ, আমিও দেখছি। ওসি তদন্তকেই মামলার তদন্তকারী কর্মকর্তা বলতে পারেন। আমরা ১০-১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিতে পারব বলে আশা করছি।’
ওসির বক্তব্যের বিষয়ে এবার আশরাফ উদ্দিন বলেন, ‘আগের তদন্তের ত্রুটি আমরা খতিয়ে দেখছি। ত্রুটি পাওয়া গেলে নতুন করে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। না পাওয়া গেলে আগের তদন্তের ওপর ভিত্তি করে অভিযোগপত্র দেওয়া হবে।’
মনিরার বাবা মো. মোস্তফা বলেন, ‘সাত মাস হইয়া গেল তবু পুলিশ তদন্ত শেষ করতে পারে নাই। এখন নাকি আবার নতুন কইরা তদন্ত অইব। আমি গরিব। একটাই চাওয়া, মেয়ে হত্যার বিচার চাই। কিন্তু আমার তো এখন সবচেয়ে বড় ভয় পুলিশের অবহেলা।’
তবে গতকাল সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, ওসি ও পরিদর্শক (তদন্ত) দুজনই মামলার তদন্তে মাঠে নেমেছেন।