পুলিশের অবহেলায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
কুষ্টিয়া সদর উপজেলার চরপাড়া গ্রামে তাইজাল মল্লিক (৫০) নামের এক কাঠ ব্যবসায়ী মারা গেছেন। গত শুক্রবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পুলিশের অবহেলায় তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।তাইজাল মল্লিকের ভাই আবদুল আজিজ মল্লিক অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হরিনারায়ণপুর বাজার থেকে তাইজাল মল্লিককে হরিনারায়ণপুর ক্যাম্পের উপপরিদর্শক শরিফুল ইসলাম ধরে নিয়ে যান। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নেওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন। রাত নয়টার দিকে থানায় গিয়ে দেখতে পান, কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কক্ষে তাঁর ভাই নিস্তেজ হয়ে পড়ে আছেন। তখন ওই কক্ষে পুলিশের কোনো সদস্যকেও তিনি দেখতে পাননি। এ সময় হাসপাতালে নেওয়ার জন্য ওসিকে জানান। হাসপাতালে নিতে দেরি হলে নিজেই থানার বাইরে এনে মাথায় পানি দেন। পরে পুলিশ তাইজালকে ২৪ কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় রাত ১২টা ৫ মিনিটে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রুহুল ইমাম বলেন, থানায় নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তাঁকে কোনো নির্যাতন করা হয়নি।