প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববারের হরতালে নাশকতা ঠেকাতে চট্টগ্রাম নগরে গতকাল শনিবার রাত থেকে পুলিশ অভিযান শুরু করেছে। আজ ভোরে দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন হচ্ছে। আজ ভোর থেকে নগরে বিজিবির টহলও শুরু হবে। সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে সম্মিলিত ইসলামি দলগুলো আজ এই হরতালের কর্মসূচি দেয়। গতকাল সন্ধ্যা থেকে পুলিশ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থান নেয়। তবে হরতালের সমর্থনে কেউ মিছিল করেনি। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, নিয়মিত পুলিশের সঙ্গে আরও দুই হাজার পুলিশ ও ছয় প্লাটুন বিজিবি সদস্য নগরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। যেকোনো অঘটন এড়াতে পুলিশি টহলের পাশাপাশি অভিযান জোরদার করা হয়েছে। গতকাল রাত থেকে এই অভিযান শুরু হচ্ছে। হরতালকে ঘিরে কাউকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।