পুলিশের অভিযান, গোলাগুলি, অস্ত্রসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আমির আলী (৬৮) নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
পুলিশের ছয়টি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে৷ এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়৷ গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অগ্নেয়াস্ত্র ও ছিনতাই করা এক লাখ ৫৫ হাজার টাকা।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন মাদারীপুরের শিবচর উপজেলার খালকালাদারকান্দি গ্রামের আলমগীর শেখ (৪২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের দুলাল মিয়া (৪৫), নাটোরের গোকুলনগরের রেজাউল সরকার (৪০) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার কেপুলিয়া গ্রামের আলমগীর হোসেন (৩৫)। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় রেজাউল সরকার ও আলমগীর হোসেনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের বাসিন্দা আমির আলী পেশায় মনিহারি ব্যবসায়ী৷ গতকাল তিনি বগুড়া শহরের নূরানী মোড় এলাকার মণ্ডল ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে বকেয়া পরিশোধের জন্য আসছিলেন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৬৭ হাজার টাকা সঙ্গে নিয়ে বেলা পৌনে একটার দিকে তিনি ইসলামী ব্যাংকের মহাস্থান শাখা থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন৷ এরপর আমির আলী সিএনজিচালিত অটোরিকশাযোগে বগুড়া শহরের উদ্দেশে রওনা দেন।
ব্যবসায়ী আমির আলী জানান, বেলা একটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের নওদাপাড়া এলাকায় একটি সাদা রঙের মাইক্রোবাস তাঁর অটোরিকশার গতিরোধ করে। এরপর চারজন মাইক্রোবাস থেকে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বলে, ‘তুই জিঙ্গ, তোর নামে মামলা আছে, চল অফিসে যেতে হবে।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আমির আলী এ সময় পথচারীদের দৃষ্টি আকর্ষণের জন্য চিৎকার করে বলছিলেন, ‘ভাই, আমি জিঙ্গ নই; ব্যবসায়ী। আমার কাছে অনেক টাকা আছে, এ টাকা নেওয়ার জন্য এরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে।’
আমির আলী জানান, মাইক্রোবাসে তুলেই অস্ত্রের মুখে তাঁর চোখ বেঁধে ফেলা হয়। এরপর টাকার ব্যাগ কেড়ে নেন তাঁরা। পরে মাইক্রোবাসটি দ্বিতীয় বাইপাস হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, একজন পথচারী মুঠোফোনে পুলিশকে জানান, মাইক্রোবাসে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে শহরের টহল পুলিশ, গোয়েন্দা পুলিশ ও শাজাহানপুর থানার পুলিশ ছয় ভাগে ভাগ হয়ে মাইক্রোবাসটি ধাওয়া করে। িবষয়টি আঁচ করতে পেরে অপহরণকারীরা সাবগ্রাম বাজারের আগেই আমির আলীকে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। সড়কে তিন দফায় অবরোধ সৃষ্টি করেও পুলিশ সন্ত্রাসীদের আটকাতে ব্যর্থ হয়৷ কৃষি কলেজ এলাকায় অবস্থান নেওয়া পুলিশের একটি দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে মাইক্রোবাসে থাকা সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির পরও সন্ত্রাসীরা মাইক্রোবাস নিয়ে পালাতে থাকে। পুলিশ খবর দেয় টেংগা-মাগুর বাজারের ব্যবসায়ীদের। সেখানকার ব্যবসায়ীরা মহাসড়কে অবরোধ তৈরি করেন। এ পর্যায়ে সন্ত্রাসীরা মাইক্রোবাস থেকে পালানোর চেষ্টা করে৷ ব্যবসায়ীরা ধাওয়া করে তাদের ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিকেল পাঁচটায় পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তার করা দুজনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। তারা জানায়, দলে চালকসহ তারা পাঁচজন ছিল। তারা সংঘবদ্ধ অপহরণকারী। চারজন ধরা পড়লেও চালক পালিয়েছে।
পুলিশ সুপার জানান, গত কয়েক মাসে ওই ব্যাংক থেকে টাকা তোলার পর আরও কয়েকজন অপহরণের শিকার হয়েছেন৷ এটি একই চক্রের কাজ বলে মনে হচ্ছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।