পুলিশের অভিযান তিন জেলায় গ্রেপ্তার ৭৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলায় গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতক্ষীরায় ৪৭ জন ও চাঁপাইনবাবগঞ্জে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই বিভিন্ন মামলার আসামি।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: জেলার আটটি থানার বিভিন্ন স্থানে রোববার রাত ১১টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৪ জন, কলারোয়ায় ৬ জন, তালা, পাটকেলঘাটা, কালীগঞ্জ ও আশাশুনিতে ৫ জন করে, শ্যামনগরে ৪ জন ও দেবহাটায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অন্যদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার পাঁচটি উপজেলায় রোববার থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও চারজন নিয়মিত মামলার আসামি। জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সদর থানায় ৫, শিবগঞ্জে ১৩, নাচোলে ২, গোমস্তাপুরে ৪ ও ভোলাহাটে ৩ জন রয়েছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল: মহানগরের শ্যাম বাবু লেন এলাকায় রোববার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে দেশি অস্ত্র, ফেনসিডিলসহ সৈয়দ ওমর শরিফ পাভেল ও সৈয়দ জামসেদ ইমরান ওরফে অলি (২৩) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁরা শ্যাম বাবু লেনের বাসিন্দা সৈয়দ হাসান জামালের ছেলে। তাঁদের মধ্যে জামসেদ ইমরান বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যাম বাবু লেন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জামসেদকে তিন বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাসায় তল্লাশি চালিয়ে ৩২ বোতল ফেনসিডিল, দুটি চায়নিজ কুড়াল, দুটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় জামসেদের বড় ভাই ওমরকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।