রংপুর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের আয়োজনে ও সিটি করপোরেশনের সহযোগিতায় সভা-সমাবেশ ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। এর পরও নগরবাসী উদ্বিগ্ন।
চুরি করতে গিয়ে নৈশপ্রহরী খুন করে ফেলায় নগরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। জনগণের সহযোগিতা চেয়ে গত ১২ দিনের ব্যবধানে শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ইতিমধ্যে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলাবিষয়ক ও মাদকবিরোধী মতবিনিময় সভা করেছে। এ ধরনের সভা সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে পর্যায়ক্রমে করা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের উপস্থিতিতে এসব সভায় উপস্থিত থাকছেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ও সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবীর।
নগরবাসীর অনেকে মনে করেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কে রাতে পুলিশের টহল আরও জোরদার করা প্রয়োজন। সাতটি স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, এ সংখ্যাও কম। কেননা, যেসব স্থানে পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। অপরাধীদের এসব স্থান জানা হওয়ায় তারা এখন ভিন্ন পথে চলাফেরা করছে। পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাবি জানিয়েছেন।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, চলতি মাসে গত ১২ দিনে ২৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৯ সেপ্টেম্বর রাতে শহরের মুন্সিপাড়ার ব্যবসায়ী নাসিরুল ইসলামের বাড়ির লোহার গেট কেটে নৈশপ্রহরী জাবেদ আলীকে (৬০) শ্বাসরোধে হত্যা করে বাড়ির তিনটি মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা। একই রাতে কলেজ রোডের খামার এলাকায় কোতোয়ালি থানার সাবেক ওসি ও বর্তমানে দিনাজপুর সদর থানার ওসি আলতাফ হোসেনের বাড়ির লোহার গেট কেটে তার ছেলের ব্যবহৃত একটি দামি মোটরসাইকেল নিয়ে গেছে।
গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি ও শহরের কাচারি বাজার থেকে আরও একটি মোটরসাইকেল চুরি হয়। শহরের কারমাইকেল কলেজ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে গত এক সপ্তাহের ব্যবধানে তিন শিক্ষার্থীর মুঠোফোন ছিনতাই হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, মুন্সিপাড়ায় চুরি করতে গিয়ে নৈশপ্রহরী খুন ও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগে শহরের তেলিরভিটা এলাকা থেকে সোহেল নামের (৩০) এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের ধরতে শহরে পুলিশের চেকপোস্টের স্থান পরিবর্তন করা হয়েছে।