হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়
পুলিশের অভিযানে উপাচার্য-শিক্ষকেরা ছয় ঘণ্টা পর মুক্ত, সংঘর্ষ ভাঙচুর
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকেরা ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এবং তাঁরা ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর করেন। শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পাঁচ কর্মকর্তাসহ ১৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশ ১২ ছাত্রকে আটক করে। এ ঘটনায় আটক ১২ জনসহ ১৪ ছাত্রের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আটক ১২ জন গতকাল জামিন পেয়েছেন।১৫ জন ছাত্রের শাস্তি প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ২২ জুন থেকে ক্যাম্পাসে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার কর্তৃপক্ষ ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে গতকাল বুধবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। এ ঘোষণার পরপরই মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যসহ শিক্ষকদের একাডেমিক ভবনে অবরুদ্ধ করে বাইরে বিক্ষোভ শুরু করেন।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান শামীম জানান, পুলিশ রাত আটটার দিকে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। রাত সোয়া ১১টার দিকে পুলিশ ক্যাম্পাসে ঢোকার পরপরই শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা তখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, উপাচার্যের গাড়ি এবং নবনির্মিত বাংলোতে ব্যাপক ভাঙচুর করেন। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ লাঠিপেটা শুরু করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। একপর্যায়ে ছাত্ররা পিছু হটেন। তখন উপাচার্য এম আফজাল হোসেন, সিএসই অনুষদের ডিন রুহুল আমিন, কৃষি অনুষদের ডিন মো. রফিকুল ইসলাম মাহমুদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফাহিমা খানম, উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান বিধান চন্দ্র হালদার, প্রক্টর মো. হারুন-অর-রশিদসহ শিক্ষকদের একাডেমিক ভবন থেকে উদ্ধার করে উপাচার্যের বাসভবনে নেওয়া হয়।ওসি ইকবাল হাসান জানান, ছাত্রদের ছোড়া ইটের আঘাতে উপপরিদর্শক (এসআই) কল্যাণ সাহা, আনোয়ার হোসেন ও আবদুল হালিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল, ফণীভূষণসহ কমপক্ষে ১০ জন কনস্টেবল আহত হন। পুলিশ ১২ ছাত্রকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন: মো. শাহরিয়ার হক, মো. রফিকুল ইসলাম, প্রিয়ংকর রায়, মো. তুহিন রহমান, মো. শরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, মো. ফাহিম মাহ্ফুজ, মো. মাহবুব জামান, মাহবুবুর রশিদ, মো. শিবলু, মো. আরিফুল হক ও রতন সাহা। আটক হওয়া ছাত্রদের গতকাল দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন দিয়েছেন।গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, পরিবেশ শান্ত। শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছেন। প্রক্টর হারুন-অর-রশিদ জানান, সকাল ১০টার মধ্যে ছাত্র-ছাত্রী সবাই আবাসিক হল থেকে চলে গেছেন। মঙ্গলবার রাতে ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে আটক ১২ ছাত্রসহ ১৪ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ১১ জুলাই বিশ্ববিদ্যালয় খোলার পর তাঁরা আবার আন্দোলন শুরু করবেন।গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ক্যাম্পাসের বাগানের গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও জরিমানা করে কর্তৃপক্ষ। এ ছাড়া গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ে আইটি উৎসব পণ্ড করার ষড়যন্ত্র, একাডেমিক ভবনে তালা দেওয়া ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের পাঁচজন ছাত্রকে মাস্টার্সে পড়ার সুযোগ থেকে বঞ্চিত করার এবং বৃত্তি কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।