পুলিশের অভিযানে তিন জেলায় আটক ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার আশঙ্কাসহ বিভিন্ন অভিযোগে মানিকগঞ্জ, চট্টগ্রাম ও রাজশাহী থেকে ২৯ জনকে আটক করেছে পুলিশ। এঁদের অধিকাংশই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
মানিকগঞ্জ: পুলিশ জানায়, গত বুধবার ঢাকার বকশীবাজারে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নাশকতা চালাতে পারেন—এ আশঙ্কায় বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। এর আগে বুধবার রাতেও বিএনপির ১০ কর্মীকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে আটক ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইদ্রিস আলী, বিএনপির কর্মী সদর উপজেলার আলতাব হোসেন, সিঙ্গাইর উপজেলার আবদুল কুদ্দুস, ঘিওর উপজেলার আলতাব হোসেন এবং শিবালয় উপজেলার মোবারক হোসেন ও রাসেল হোসেন। এই ব্যক্তিদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ অভিযোগ করেন, সরকার বিএনপিকে দমন করতে পুলিশ প্রশাসনের অপব্যবহার করছে।
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠদীঘি এলাকা থেকে গতকাল বিকেলে মো. আতিক উল্লাহ (২১) নামে শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতিক ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মো. রাহমাত উল্লাহর ছেলে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত দাবি করেন, আতিক সহিংসতার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি চট্টগ্রাম সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সািথ। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী: বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ এ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গতকাল দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: মানিকগঞ্জ, সাতকানিয়া (চট্টগ্রাম) ও বাগমারা (রাজশাহী) প্রতিনিধি]