পুলিশের অসাবধানতায় বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের অসাবধানতার কারণেই থানায় রাখা বোমার বিস্ফোরণ ঘটে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
উদ্ধার হওয়া ককটেলগুলো ঘটনাস্থলে নিষ্ক্রিয় না করে থানায় কক্ষের ভেতর রাখা হয়। বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছার আগেই বোমাগুলো থানায় নিয়ে যাওয়া হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরের পাহাড়তলী থানায় এ ঘটনা ঘটে। আহত পাহাড়তলী থানার ওসি (তদন্ত) এ কে এম জাহাঙ্গীর হোসেন ও উপপরিদর্শক (এসআই) এ কে এম ফজলুল হক হাসপাতালে চিকিৎসাধীন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, নগরের একে খান মোস্তফা কলোনি এলাকা থেকে সাদা বিস্ফোরক পাউডার, তিনটি ককটেল, দুটি এলজি ও কার্তুজসহ বশির নামের এক ব্যক্তিকে আটক করে পাহাড়তলী থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায়। বোমাগুলো নিষ্ক্রিয় করতে নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয় পাহাড়তলী থানার পুলিশ। কিন্তু নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছার আগেই বোমাগুলো নিয়ে থানায় চলে যায় পুলিশ। পরে বিস্ফোরিত হলে দুই পুলিশ সদস্য আহত হন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান বনজ কুমার মজুমদার।
পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘বিষয়টি বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়করণ দল দেখার ১০ মিনিট পরই বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। নিরাপত্তাজনিত কারণে বোমাগুলো থানায় নিয়ে আসাহয়।’
পুলিশ সূত্র জানায়, বোমাগুলো উদ্ধারের পর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। এগুলো ঘটনাস্থলে কিংবা থানার বাইরে খোলা জায়গায় না রেখে থানায় কক্ষের ভেতরে রাখা হয়। ইতিমধ্যে বোমা নিষ্ক্রিয়করণ দল এলেও তারা প্রথমে বুঝতে পারেনি এগুলো বোমা। এর ১০ মিনিট পরেই বিস্ফোরণ ঘটে।