পুলিশের আতঙ্কে রাজশাহীর সেই চিকিৎসক পরিবারটি!
রাজশাহীতে চিকিৎসক পরিবারকে জিম্মি করে পুলিশের টাকা আদায়ের ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশের হয়রানির ভয়ে ওই পরিবার মামলা করছে না বলে অভিযোগে জানা গেছে। বরখাস্ত হওয়া পুলিশের এক সদস্য ওই বাড়ির আশপাশে ঘোরাঘুরি করায় আতঙ্কে বাড়ির লোকজন সাংবাদিকদের সঙ্গেও কথা বলছেন না।গতকাল শুক্রবার সকালে নগরের ঝাউতলা মিঠুর মোড়ে চিকিৎসক এ আর বাসুনিয়ার বাড়ির সামনে গিয়ে দেখা যায়, বাইরে তালা নেই। ভেতর থেকে তালা দেওয়া। কিন্তু বাড়ির লোকজনের সঙ্গে কোনোভাবেই কথা বলা সম্ভব হয়নি।তবে বাসুনিয়ার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এক লাখ টাকা ফেরত দিয়ে পুলিশ বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছে। এ জন্য এরই মধ্যে ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা দু-এক দিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে।ওই সূত্র জানায়, থানায় মামলা না করতে এবং গণমাধ্যমের কাছে কথা না বলার জন্য চিকিৎসক বাসুনিয়াকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। এ জন্য ভয়ে তিনি থানা বা আদালতে মামলা করতে যাচ্ছেন না।ওই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত হওয়া রাজপাড়া থানার উপপরিদর্শক মতিউর রহমানকে গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে চিকিৎসক বাসুনিয়ার বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত সেখান থেকে সরে পড়েন। কিছুক্ষণ পর তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি তো ওই দিক দিয়েই যাওয়া-আসা করি।’এদিকে ঘটনা তদন্তে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খানকে প্রধান করে গতকাল শুক্রবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক কার্যদিবসের মধ্যে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এ ছাড়া আট পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসক বাসুনিয়া গত বৃহস্পতিবার পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। তাতে বলা হয়েছে, তিনি টাকা ফেরত চান এবং হয়রানির প্রতিকার চান। তবে বাসুনিয়ার ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, এই অভিযোগপত্রটি বাসুনিয়ার নিজের হাতে লেখা নয়। পুলিশ লিখে তাঁর স্বাক্ষর নিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে গতকাল দুপুরে রাজশাহী পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘একটি অভিযোগপত্র পেয়েছি। তবে কে লিখেছে, জানি না।’বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্য বাসুনিয়ার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছেন জানালে ওবায়দুল্লাহ বলেন, ‘তারা (পুলিশ) এখন সাসপেন্ড হয়ে আছে। এ অবস্থায় কেউ কাউকে হুমকি দিচ্ছে কি না জানি না। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’থানায় মামলা না হওয়ার ব্যাপারে পুলিশ কমিশনার বলেন, মামলা না করার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো চাপ নেই। মামলা করার মতো ঘটনা থাকলে তিনি যেকোনো সময় থানায় মামলা করতে পারেন। তা ছাড়া আদালতের দরজা খোলা রয়েছে।বাসুনিয়ার দেওয়া অভিযোগটি মামলা হিসেবে নেওয়া যায় কি না—জানতে চাইলে ওবায়দুল্লাহ বলেন, ‘মামলা করতে হলে তাঁকে থানায় হাজির হয়ে এফআইআর ফরম পূরণ করতে হবে।’গত বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের এক সহকারী কমিশনার (এসি) ও রাজপাড়া থানার দুই উপপরিদর্শকসহ পুলিশের আট সদস্য চিকিৎসক বাসুনিয়ার বাড়িতে ঢুকে তাঁদের জিম্মি করে এক লাখ টাকা নিয়ে আসে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনা জানাজানি হলে ওই রাতেই সহকারী পুলিশ কমিশনারকে রাজশাহী মহানগর পুলিশের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অন্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।