পুলিশের উচ্চ পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল হয়েছে। এর মধ্যে সিআইডি প্রধানের দায়িত্ব পেয়েছেন এপিবিএনের অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন। সিআইডির অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেনকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদের আরও ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এ ধরনের বদলি নিয়ে পুলিশের ভেতরেই আলোচনা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন অতিরিক্ত আইজিসহ মোট ১৯টি পদে রদবদলের এই প্রজ্ঞাপন জারি করে। এর দুই সপ্তাহ আগেই পুলিশ প্রধান, র্যা ব প্রধান ও ডিএমপি প্রধানের দায়িত্ব নেন নতুন কর্মকর্তারা।
অবরোধ-হরতালের মধ্যে নাশকতার শিকার রেলওয়ের ঢাকা রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ডিআইজি এস এম রুহুল আমিনকে। সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছেন তিনি। ঢাকার হাইওয়ে পুলিশের দায়িত্ব পেয়েছেন রেলওয়ে রেঞ্জে থাকা ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম। ঢাকা হাইওয়ে পুলিশে থাকা এস এম কামাল হোসেনকে সিআইডিতে পাঠানো হয়েছে।
হরতাল-অবরোধে তুলনামূলক বেশি অস্থিতিশীল রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে এসবিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে।
পুলিশ সুপারদের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে আসা ইকবাল হোসেনকে পুলিশ স্টাফ কলেজে, আনোয়ার কামালকে নৌপুলিশে, মোস্তাফা কামালকে পিবিআইতে, মো. শাহরিয়ারকে নৌপুলিশে, জুলফিকার আলী হায়দার ও মিয়া মাসুদ করিমকে পিবিআইতে, সাজ্জাদুর রহমানকে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে, নওরোজ হাসান তালুকদার ও সরকার নুরুল আমিনকে টুরিস্ট পুলিশে, সরদার রফিকুল ইসলামকে নড়াইলে, নড়াইলের পুলিশ সুপার আবদুল কাদেরকে পুলিশ সদর দপ্তরে এবং পুলিশ সদর দপ্তরের সাইদ তারিকুল ইসলামকে রাঙামাটির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।