সোনারগাঁয়ে পুলিশি হেফাজতে শামীম রেজার মৃত্যু
পুলিশের উচ্চপর্যায়ের কমিটি দোষীদের শাস্তির আশ্বাস
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশের হেফাজতে আসামি শামীম রেজার মৃত্যুর ঘটনায় আরও একটি তদন্ত কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। ওই কমিটির সদস্যরা গতকাল শনিবার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে প্রতাপের চর গ্রামে শামীমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) খন্দকার গোলাম ফারুক অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন।পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের বাসভবনে তাঁর দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলামসহ চারজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ১৪ মে শামীমকে আটক করে পুলিশ। অভিযোগ উঠেছে, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার দাবির অর্থ না পাওয়ায় শামীমকে সাত দিন তাঁদের বাড়িতে আটকে নির্যাতন করেন। ২২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজতে শামীমের মৃত্যু হয়।ওই ঘটনা তদন্তে প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে তিন সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির সদস্য সোনারগাঁর সহকারী পুলিশ সুপার উত্তম প্রসাদের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিটি প্রত্যাখ্যান করে শামীমের পরিবার।পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির তিন সদস্য, পুলিশ সুপারের গঠিত কমিটির দুই সদস্য ও পুলিশ সুপার গতকাল বেলা ১১টার দিকে শামীমের বাড়িতে যান। ওই সময় প্রতাপের চর গ্রামের শতাধিক নারী-পুরুষ পোস্টার ও ব্যানার নিয়ে শামীমদের বাড়ির পাশের সড়কে বিক্ষোভ করেন। তাঁরা শামীমকে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে এএসপি উত্তম, ওসি আতিকুর, পরিদর্শক অরূপ ও উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষের ফাঁসির দাবি জানান। বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তারা বাইরে এসে লোকজনকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। এডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অবশ্যই শাস্তি হবে। গোলাম ফারুক পরে সাংবাদিকদের জানান, ‘শামীমকে ১৪ মে আটক করার ব্যাপারে আমরা প্রমাণ পেয়েছি। আদালতে হাজির না করে ছয় দিন পুলিশ হেফাজতে রাখার কোনো বিধান নেই। শামীমের মৃত্যুর সঙ্গে পুলিশের উৎকোচ আদায় ও নির্যাতনের অভিযোগ কতটুকু সত্য, তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে তিনি জানান।এর আগে সকালে সোনারগাঁ থানার পাশের এলাকার বাসিন্দারা থানার পাশে জড়ো হয়ে ওসির বাসার ‘নির্যাতনকেন্দ্র’ বন্ধ করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। হুমকির অভিযোগ: নিহত শামীমের স্ত্রী সাবিকুন নাহার অভিযোগ করেন, ‘আমার স্বামীকে উৎকোচের দাবিতে নির্যাতন করে হত্যা করার পরও দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো ওসির নির্দেশে ক্ষমতাসীন দলের সমর্থকেরা পুলিশের বিরুদ্ধে আন্দোলন ও আইনের আশ্রয় না নিতে আমাদের হুমকি দিচ্ছে।’