পুলিশের উদ্যোগ
উত্ত্যক্তকরণ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা পুলিশ। এ জন্য সাভার ও আশুলিয়া থানার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বর্ষপঞ্জি ও ক্লাস রুটিন লেখা কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ এই কার্যক্রমটি অনানুষ্ঠানিকভাবে শুরু করে গত ২৫ ফেব্রুয়ারি। গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মাদক, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’কার্ডে যা আছে: কার্ডের এক পিঠে আছে ২০১৩ সালের বর্ষপঞ্জি। সেখানে বাঁ-পাশে লেখা আছে ‘মাদককে না বলুন’, ‘দুর্নীতিকে না বলুন’, ‘ইভটিজিং প্রতিরোধ করুন’ ও ‘পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে সহযোগিতা করুন’। ওপরে ডান কোনায় ঢাকা জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সহকারী পুলিশ সুপার (সদর); সাভার, আশুলিয়া, ধামরাই, নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মুঠোফোনের নম্বর দেওয়া। কার্ডের অপর পিঠে আছে শিক্ষার্থীদের ক্লাস রুটিন।পুলিশ কর্মকর্তাদের ওই সব মুঠোফোন নম্বরে ইভটিজিং, মাদক, দুর্নীতি, নাশকতামূলক কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপরাধের তথ্য জানাতে বলা হয়েছে শিক্ষার্থীদের। এ জন্য তথ্যদাতার পরিচয় গোপন রাখারও আশ্বাস দেওয়া হয়েছে।পুলিশ সুপার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই কার্যক্রম চালুর পর পুলিশকে তথ্য প্রদানের প্রবণতা বাড়ছে। তথ্য পেয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’