পুলিশের উপকমিশনারকে প্রত্যাহারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কলেজশিক্ষকসহ তিনজনকে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু কলেজের সামনে শিক্ষকেরা এই কর্মসূচি পালন করেন। এতে মহানগর পুলিশের উপকমিশনারকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি করা হয়।

বঙ্গবন্ধু কলেজশিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, বঙ্গবন্ধু কলেজশিক্ষক সমিতির সহসভাপতি উপাধ্যক্ষ কামরুজ্জামান, ইতিহাস বিভাগের শিক্ষক লুৎফর রহমান, গণিত বিভাগের শিক্ষক শাহাদৎ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ওয়াহেদা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, ‘পুলিশ কর্মকর্তারা কি কখনো কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেননি? তাহলে তাঁরা কোন বিবেচনায় একজন শিক্ষকের গায়ে হাত তোলেন? কেন তাঁরা এমন আচরণ করলেন? আইনশৃঙ্খলা রক্ষা যাঁদের কাজ, তাঁরাই যদি আইন হাতে তুলে নেন, তাহলে মানুষ কার কাছে আশ্রয় নেবে? আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। জড়িত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শাস্তি দাবি করছি। পুলিশের উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবি জানাচ্ছি। সাত দিনের মধ্যে তাঁকে প্রত্যাহার করতে হবে। তা না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

পুলিশের উপকমিশনার গাড়ি নিয়ে গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী নগরের বর্ণালি মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় তাঁর গাড়ি পাশ কাটানোর সুযোগ দিতে দেরি করায় বঙ্গবন্ধু কলেজের শিক্ষক সাদেকুল ইসলামকে মারধর করে পুলিশ। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে ছাত্রলীগের এক নেতা ও সিটি করপোরেশনের একজন কর্মচারীকেও মারধর করা হয়।

তবে উপকমিশনার ওই দিনই এ অভিযোগ অস্বীকার করেন।