পুলিশের উপপরিদর্শক অজ্ঞান পার্টির কবলে
রাজধানীর গুলিস্তান এলাকায় গতকাল শনিবার রাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে পুলিশের উপপরিদর্শক ওসমান গনি (৩০) মোবাইল ফোন ও হাতঘড়ি খুইয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত পুলিশ সদস্যরা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের পাশ থেকে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক ওসমান গনিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিত্সা দেওয়ার পর তাঁর জ্ঞান ফিরে আসে। পুলিশ কর্মকর্তা ওসমান গনি জানান, তিনি সচিবালয়ে দায়িত্ব পালন করেন। গতকাল রাতে দুই ব্যক্তি এসে হঠাত্ একটি রুমাল তাঁর নাকে চেপে ধরে। এরপর তাঁর আর কিছু মনে নেই। তাঁর মোবাইল ফোন ও একটি হাতঘড়ি খোয়া গেছে।পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে বহনকারী আরেক উপপরিদর্শক নুরুল আলম সাংবাদিকদের বলেন, তিনি (ওসমান গনি) অজ্ঞান পার্টির কবলে পড়ে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।