পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল বর-কনের পরিবার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাল্যবিবাহের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ অভিভাবকেরা পালিয়ে যান। উপজেলার রৌহা গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রৌহা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দশম শ্রেণির এক ছেলের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দুজনের পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সন্ধ্যার পর বিয়ের আনুষ্ঠানিকতা সারতে বরপক্ষ কনের বাড়িতে যায়। বাল্যবিবাহের খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ বিয়েবাড়িতে উপস্থিত হয়। তবে তার আগেই উভয় পক্ষের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে পুনরায় বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে।