পুলিশের উপস্থিতিতে দরপত্রের লটারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত সোমবার লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঘিওর উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে ১৪টি গুচ্ছে এসব কাজের দরপত্র আহ্বান করা হয়। গত ৩০ ডিসেম্বর দরপত্র দাখিল করেন বেশ কয়েকজন ঠিকাদার।
মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী উজ্জ্বল মিয়া বলেন, এসব কাজের জন্য ঠিকাদারদের সবাই ৫ শতাংশ কমে দরপত্র দাখিল করেন। ফলে ঠিকাদার নিযুক্ত করার জন্য লটারির প্রয়োজন হয়। এ নিয়ে সমঝোতা না হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আলী ইকবাল বাহারের নির্দেশে কয়েকজন নেতা-কর্মী সাধারণ ঠিকাদারদের ওপর হামলা চালান। এতে তিনিসহ আমিনুর রহমান ও রেজাউল করিম আহত হন। এ ঘটনায় এসব কাজের লটারির দিন পিছিয়ে দেয় কর্তৃপক্ষ।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের নেতা ইকবাল বাহার বলেন, দরপত্রের সমঝোতার ঘটনায় তিনি জড়িত নন।