পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসী হামলা যুবক নিহত
পুলিশের সামনে চাঁদপুর শহরের নাজিরপাড়ায় শতাধিক যুবক গত সোমবার রাতে হামলা চালিয়েছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল দেওয়ান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত সাতজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে শহরের স্টেডিয়াম রোডে আবুলের দোকানের সামনে একদল দুর্বৃত্ত খোকন মজুমদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খোকনের বাড়ি পুরান আদালতপাড়া-সংলগ্ন লেংটা বাড়ি এলাকায়। পরে খোকনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খোকনকে কুপিয়ে জখম করার খবর পেয়ে রাত নয়টার দিকে শহরের পুরান আদালতপাড়া-সংলগ্ন লেংটা বাড়ির শতাধিক যুবক দেশি অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপস্থিতিতে মিশন রোড ও স্টেডিয়াম রোডের বিভিন্ন দোকানে ভাঙচুর ও হামলা চালান। এরপর রাত সাড়ে নয়টার দিকে তাঁরা নাজিরপাড়ার বাসবাড়িতে ঢুকে বিল্ল্লাল দেওয়ান, তাঁর বড় ভাই আহমদ আলী দেওয়ান, অটু দেওয়ান, মো. হানিফ, কালু দেওয়ান, ছালেহা বেগম ও আমির দেওয়ানকে কুপিয়ে আহত করেন। আহত লোকজনকে উদ্ধার করে সদর হাসপাতাল পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে বিল্লালের মৃত্যু হয়।গফুর দেওয়ানের দাবি, খোকনের ওপর হামলার অভিযোগে তাঁর ভাই ও আত্মীয়স্বজনদের ওপর হামলা চালানো হয়েছে। অথচ তাঁর ভাই ও স্বজনেরা খোকনের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন না। পুলিশের উপস্থিতিতে হামলার বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, হামলা ও নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই সৈকত দাস (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।