পুলিশের উপস্থিতিতে হামলা আট নারী-শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়িতে গতকাল বুধবার সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় আটজন নারী ও শিশুকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলাকারীদের পক্ষে অবস্থান নেন বলে অভিযোগ উঠেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন গাইনের বাড়ির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী করিম গাজীর বিরোধ চলে আসছে। এ ঘটনায় লিটন প্রায় ১৫ দিন আগে আদালতে মামলা করেন। করিমের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করায় গতকাল লিটনের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে আটজন নারী ও শিশুকে পিটিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিরা হলেন—অজুফা খাতুন, কল্পনা আক্তার, স্বপ্না, লাকি, নিবারণ, উলফতের নেছা, বানেজা বেগম ও সুমি। তাঁদের মধ্যে প্রথম পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কল্পনা ও অজুফার অবস্থা গুরুতর। লিটনের স্ত্রী আহত বানেজার ভাষ্যমতে, করিমের পক্ষ নিয়ে স্থানীয় মনির হোসেন মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় উপজেলার হাজীমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন হামলাকারীদের পক্ষে অবস্থান নেন। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, এক পক্ষে অবস্থান নেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এসআই ফরহাদকে ঘেরাও করে রাখেন। প্রায় এক ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে এসআই ফরহাদ হোসেন বলেন, ‘রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করি।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।