পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ, ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। নিতাই ইউনিয়নের কোরানীপাড়া গ্রামে এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে বাবুল হোসেন (৩৫) নামের একজনকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাবুল হোসেন বলেন, ‘আমার পৈতৃক ৭৪ শতক জমি বেদখল হলে আদালতে মামলা করি। আট মাস আগে আমার পক্ষে আদালত রায় দেন। ওই জমির পাট কাটার সময় হয়েছে। কিন্তু প্রতিপক্ষ লুৎফর রহমান (৬০) ও তাঁর পরিবারের সদস্যরা এতে বাধা দেন। এরই মধ্যে গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন চন্দ্র রায় এবং কনস্টেবল তৌহিদ হোসেনকে ওই পাটখেতের কাছে দেখতে পেয়ে আমি সেখানে যাই। এ সময় প্রতিপক্ষের লোকজন কনস্টেবল তৌহিদের হাতের লাঠি নিয়ে আমার ওপর হামলা করেন। তাঁদের হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে আমি অচেতন হয়ে পড়ি। আমাকে উদ্ধারের জন্য আবদুল মজিদ (৪০) ও জিকরুল (৩৪) এগিয়ে এলে তাঁরাও হামলার শিকার হন।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল হক বলেন, ‘এলাকার আবদুল মতিন ও তাঁর লোকজন কোরানীপাড়া জামে মসজিদের ওয়াক্ফকৃত ৩৭ শতক জমির পাট কেটে নেওয়ার পাঁয়তারা করছিলেন। বিষয়টি ৮ জুলাই থানায় জানাই। গতকাল শুক্রবার সুমন দারোগা তদন্তে এলে তাঁর সামনে আমার চাচা লুৎফর রহমানের ওপর হামলা চালিয়ে দুটি দাঁত ভেঙে দেয়। এ সময় আমার বাবা মজিবর মাস্টারকে (৬৫) লাঞ্ছিত করেন। পরে তাঁরা বাড়িতে হামলা চালিয়ে আমার মা ঝর্ণা বেগমকে (৬০) আহত করেন।’
এএসআই সুমন চন্দ্র রায় বলেন, ‘পাট কেটে নেওয়ার হুমকি সম্পর্কিত অভিযোগ তদন্তে সেখানে যাই। এ সময় বাদী-বিবাদী পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমার উপস্থিতিতে সেখানে কোনো আহতের ঘটনা ঘটেনি।’