পুলিশের উপস্থিতিতে ‘ডাকাতের বাড়ি’ অগ্নিসংযোগ!
সিলেটের জালালাবাদ থানা এলাকার হাটখোলায় কয়েক হাজার ক্ষুব্ধ মানুষ প্রতিবাদ সমাবেশ করে ‘ডাকাতের বাড়ি’ অগ্নিসংযোগ করেছে। ক্ষুব্ধ জনতার প্রতিবাদ সমাবেশে থানার পুলিশও উপস্থিত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সিলেট শহরতলির জালালাবাদ থানার নোয়াগাঁওয়ে গত ২৬ মে একজন প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় বশির মিয়া (৬০) নামের প্রতিবেশী একজনকে গুলি করে হত্যা করে। এ মামলায় জালালাবাদ থানার পুলিশ সাতজনকে আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ওই এলাকায় শফিক মিয়া ও আলতা মিয়া ডাকাতির নেতৃত্ব দেওয়ার বিষয়ে অবহিত হয়। বৃহস্পতিবার বিকেলে হাটখোলা ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদস্যদের আহ্বানে এলাকায় ডাকাতি প্রতিরোধে সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশে দুই ইউনিয়নের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে ডাকাত চিহ্নিত করে ক্ষুব্ধ জনতা পাইকরাজ গ্রামের দিকে ছুটে যায়। কথিত ডাকাত সর্দার আলতা-শফিকের বাড়িটি তখন তালাবদ্ধ ছিল। ফাঁকা বাড়িতে চারদিক থেকে আগুন দেওয়ায় নিমেষেই বাড়িটি ভস্মীভূত হয়। সমাবেশে পুলিশ উপস্থিত থাকার কথা স্বীকার করে জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন বলেন, অগ্নিসংযোগকালে পুলিশ ছিল না। তবে সমাবেশ থেকে ক্ষুব্ধ জনতা যখন বাড়ির দিকে রওনা করে, তখন সংগত কারণে পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অসহায় বোধ করে। পরে অবশ্য ঘটনাস্থল পরিদর্শন করে।সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, এ ব্যাপারে কেউ প্রমাণসাপেক্ষ তথ্য দিলে অবশ্যই তদন্ত করে দেখা হবে।